
শুরু থেকে শেষ, তাঁকে নিয়েই তৈরি একটা আস্ত সিনেমা, অথচ তিনি নেই কোথাও। তিনি অনুচ্চারিত।
পশ্চিমবঙ্গের সুপরিচিত অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় কামেরার পেছনে এই প্রথম। নির্বাসিত তাঁর পরিচালিত প্রথম সিনেমা। এই তথ্য যতটা আগ্রহ সৃষ্টি করে, তার চেয়ে ঢের বেশি চমক জাগায় সিনেমার কাহিনি। কারণ, সিনেমাটা তৈরি বাংলাদেশ থেকে নির্বাসিত সাহিত্যিক তসলিমা নাসরিন ও তাঁর পোষ্য বিড়াল ‘মিনু’কে ঘিরে। কলকাতা থেকে আচমকা বিতাড়িত তসলিমা ও মিনুর সাময়িক বিচ্ছেদ, সেই সময়কালে দুজনের মানসিকতা, একাকিত্ব ও বিচ্ছেদের যন্ত্রণা, পশু ও মানুষের সম্পর্ক নিয়েই তৈরি এই ছবি। আগাগোড়া এই ছবি তসলিমার জীবনেরই একটা অধ্যায়, অথচ তিনিই অনুচ্চারিত।
কী রকম হেঁয়ালি এটা? কলকাতা থেকে দূরভাসে প্রথম আলোকে চূর্ণী বললেন, ‘তসলিমার চরিত্রে আমি অভিনয় করলেও তাঁর নাম একবারের জন্যও উচ্চারিত হয়নি। অথচ তিনিই কাহিনির মূলে। তাঁকে ও তাঁর বিড়ালকে নিয়েই কাহিনি আবর্তিত। কিন্তু তিনি নামহীন। চরিত্রটি সম্বোধিত হয়েছে কখনো ম্যাডাম, কখনো আপনি, উনি, ওঁর, দেখুন এভাবে। আমার কাছে এটা এক অন্য রকমের ফর্ম।’

স্বামী কৌশিকের মতোই তিনিও একদিন পরিচালনায় আসবেন, এটা ঠিকই ছিল। কিন্তু তসলিমা ও মিনুর বিচ্ছেদই যে হবে গল্পের পটভূমি, তা ঠিক ছিল না। চূর্ণীর কথায়, ‘সেটা ঘটনাচক্রে ঠিক হয়। আমার একটা পোষা কুকুর আছে। ল্যাব। তসলিমাকে কলকাতা থেকে হুট করে তাড়ানো হলো, তাঁর মিনু একা হয়ে গেল, মিনু-বিহনে পাগলের মতো হয়ে গেলেন তসলিমা, এই ঘটনা আমাকে প্রবলভাবে নাড়া দেয়। এ যে কী কষ্টের, দুঃখের, কী প্রবল অসহায়ত্ব তা তাঁরাই বুঝবেন, যাঁদের পোষ্য আছে। সম্পর্কের এই মানবিক দিকটাই শেষ পর্যন্ত সিনেমায় উঠে এল।’
তাই বলে ভাবলাম আর সিনেমাটা করে ফেললাম, এমন নয়। স্ক্রিপ্ট লিখতে চূর্ণী সময় নিয়েছেন দেড় বছর। যেহেতু তসলিমা, কেউ কেউ সে জন্য আশঙ্কায়ও ছিলেন। তবে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন না চূর্ণী। ‘কেননা, তসলিমাকে নিয়ে আমি বিতর্ক সৃষ্টি করতে চাইনি। তসলিমাকে বিক্রি করা আমার উদ্দেশ্য নয়। এটা তসলিমার জীবনী বা বায়োপিকও নয়। এটা নিছকই এক সম্পর্কের কাহিনি। তাই আশঙ্কিত হইনি। বরং বিপুল উৎসাহিত হয়েছি সম্প্রতি মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে এটি প্রশংসিত হওয়ায়।’
প্রশংসা পেয়েছেন খোদ তসলিমারও। সম্প্রতি দিল্লি এসে সিনেমাটি তসলিমাকে দেখিয়েও গেছেন। আগামী বছর কলকাতায় বাণিজ্যিকভাবে মুক্তি পাবে চূর্ণী, রাইমা সেন, শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত নির্বাসিত। চূর্ণীর ইচ্ছা, সিনেমাটা নিয়ে একবার বাংলাদেশে যাওয়ার। বাংলাদেশের মানুষজন তাঁর অভিনয় দেখেছেন। তিনি চান, তাঁরা অভিনয়ের সঙ্গে তাঁর পরিচালনার সঙ্গেও পরিচিত হোন।